বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন। এছাড়া একই দিন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখা হবে শাহাবাগ স্টেশন।
সোমবার (১৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, নববর্ষের দিন যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য তারা দুঃখিত।
প্রতিবছরের মতো এবারও সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হবে বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রা। এছাড়া রমনা বটমূলে ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে ছায়ানট।
এইসব আয়োজনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশ এলাকায় ব্যাপক জনসমাগম হওয়ার সম্ভাবনা থাকায় নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের স্বার্থেই মেট্রোরেলের সংশ্লিষ্ট স্টেশনগুলো সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।









