নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে আগামী রবিবার (৪ জানুয়ারি) সংবর্ধনা দেওয়া হবে। এই অনুষ্ঠান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর এজলাস কক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং অ্যাটর্নি জেনারেল অফিসের উদ্যোগে আয়োজন করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত থাকবেন।
এর আগে, রবিবার (২৮ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় পত্রিকা সূত্রে জানা যায়, ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন এবং পরে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮৫ সালে জেলা আদালতে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হন। পরে ২০২৪ সালের ১৩ আগস্ট আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ২০২৮ সালের ১৭ মে অবসরে যাবেন।









