বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট বেতনের তথ্য আইবাস সফটওয়্যারে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেলের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আইবাসে বেতনের তথ্য যুক্ত হলেও শিক্ষক-কর্মচারীরা এখনই বেতন হাতে পাচ্ছেন না। বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ ছাড় হওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে বেতন পাঠানো হবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগতে পারে।
জানা গেছে, প্রতি মাসে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান। পরে অনলাইনে বিল দাখিলের পর তা যাচাই-বাছাই করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অর্থ ছাড় করা হয়। চূড়ান্ত অনুমোদনের পরই বেতন-ভাতা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হয়।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও স্বচ্ছভাবে প্রদানের জন্য সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন প্রক্রিয়া চালু করেছে। এর ফলে বেতন প্রক্রিয়াকরণ এখন আগের তুলনায় আরও দ্রুত ও স্বচ্ছ হয়েছে।









