যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় গুরুতর আহত হওয়ার পর ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনস-এর প্রধান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে তেহরানে তিনি মৃত্যুবরণ করেন।
তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, তেহরানে খারাজির বাসভবন লক্ষ্য করে চালানো হামলায় গুরুতর আহত হন তিনি। খারাজি মারাত্মকভাবে আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ লড়াইয়ের পর বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন। একই হামলায় গত ১ এপ্রিল তার স্ত্রীও নিহত হন।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দীর্ঘ জনসেবামূলক কর্মজীবনে খারাজি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনস-এর প্রধান ছিলেন এবং দেশটির সর্বোচ্চ নেতার একজন জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।
২০০৬ সালের জুনে প্রতিষ্ঠিত স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনস ইরানের একটি গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক ও উপদেষ্টা সংস্থা, যা সরাসরি সর্বোচ্চ নেতার কাছে প্রতিবেদন প্রদান করে এবং বৈদেশিক নীতিতে কৌশলগত দিকনির্দেশনা দেয়।
খারাজি ১৯৯৭ সালের ২০ আগস্ট থেকে ২০০৫ সালের ২৪ আগস্ট পর্যন্ত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি এক্সপিডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্যও ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া চলমান সংঘাতে ইরানে প্রাণহানির সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে প্রেস টিভি। যদিও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এই সংখ্যা আরও বেশি বলে উল্লেখ করা হয়েছে।
চলমান এই আগ্রাসনে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি এবং আরও বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা ও সামরিক কমান্ডারও নিহত হন।









