ছাত্র-জনতার গণপ্রত্যাশা পূরণই ত্রয়োদশ জাতীয় সংসদের অঙ্গীকার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে বক্তব্য দেওয়ার সময় এমন মন্তব্য করেন তিনি।
বক্তব্যে প্রয়াত বিএনপি নেত্রী খালেদা জিয়াকে স্মরণ করনে সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। যত আসনেই নির্বাচন করেছেন সব আসনেই খালেদা জিয়া জিতেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আজকে সেই গণতন্ত্রের মা আমাদের মাঝে নেই। তবে তিনি মানুষের মাঝে আছেন। গণতন্ত্রের অনুপ্রেরণা হিসেবে তিনি জীবিত থাকবেন। তিনি একাত্তর ও জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এর আগে স্পিকারের আসন ফাঁকা রেখে বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে সংসদের অধিবেশন শুরু হয়।
অধিবেশনের প্রথম দিনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। নতুন স্পিকার হিসেবে বিএনপির নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে নির্বাচিত করা হয়। ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয় ব্যারিস্টার কায়সার কামালকে।









