হজযাত্রীদের সেবা ও দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি না করার জন্য হজ টিমের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, বর্তমানে সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে হজ টিমের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলছিলেন, সরকারের ভাবমূর্তি রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারের ভাবমূর্তি যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সেদিকেও সবাইকে খেয়াল রাখতে বলেন তিনি।
হজ টিমের সদস্যদের উদ্দেশ্য করে মন্ত্রী জানাচ্ছিলেন, আপনারা হজযাত্রীদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করবেন। এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দায়িত্ব। হাজিদের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। তাই সবাইকে প্রকৃত খাদেম হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, হজযাত্রীদের সেবার বাইরে অন্য কোনো কাজে জড়িত হওয়া যাবে না। যারা দায়িত্বে অবহেলা করবে বা হাজিদের সঙ্গে অসদাচরণ করবে, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আল্লাহর মেহমানদের সেবায় গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
কায়কোবাদ বলেন, যারা ভালোভাবে দায়িত্ব পালন করবেন এবং হাজিরা যাদের কাজে সন্তুষ্ট থাকবেন, তাদের পরবর্তী বছরেও সুযোগ দেওয়া হবে। তবে যারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন না, তাদেরকে মক্কা থেকে দেশে ফেরত পাঠানো হবে।
অনুষ্ঠানে হজ টিমের সদস্যরা মন্ত্রীর আহ্বানে হাত তুলে হজযাত্রীদের সেবায় নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ-এর সভাপতিত্বে আয়োজিত এই প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম।
এর আগে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বিভিন্ন টিমের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরেন হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক।
এ প্রশিক্ষণে হজ মনিটরিং টিম, প্রশাসনিক টিম, প্রশাসনিক সহায়ক টিম, কারিগরি টিম ও সমন্বিত চিকিৎসক টিমের সদস্যরা অংশগ্রহণ করেন।









