মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে স্বাধীনতার ইতিহাসের গুরুত্বপূর্ণ নেতাদের ছবি টাঙানো হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেলের নেতৃত্বে বিজয় র্যালি আয়োজন করে ধানমন্ডি বত্রিশে ছবি প্রদর্শনের মাধ্যমে কর্মসূচি পালন করা হয়।
সেখানে সিরাজুল আলম খান, সিরাজ সিকদার, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, মেজর জলিল এবং জুলাই গণ-অভ্যুত্থানের নেতা শরীফ ওসমান হাদির ছবি প্রদর্শিত হয়।
আরিফ সোহেল জানান, একাত্তরের মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ ও শেখ পরিবারের সম্পত্তি বানানোর চেষ্টা করা হয়েছিল। যদিও মুক্তিযুদ্ধের মূল ধারা দেশের সাধারণ কৃষক, শ্রমিক, ছাত্র ও জনতার হাতে পরিচালিত হয়েছিল।
যুদ্ধের পরও ভারতীয় আধিপত্যবাদের মুখে জনগণই সংগ্রামকে চালিয়ে গিয়েছে। তিনি বলেন, এই র্যালির মাধ্যমে বীর নেতাদের স্মরণে একাত্তরের জনযুদ্ধকে জনগণের কাছে ফিরিয়ে আনার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
উক্ত কর্মসূচিতে জুলাই অংশ নেওয়া যোদ্ধারা শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে হামলার তীব্র প্রতিবাদ জানান। জাতীয় নাগরিক পার্টি ঘোষণা করেছে, এই ধরনের স্মরণীমূলক ও প্রতিবাদী কর্মসূচি ভবিষ্যতেও চলমান থাকবে, ইনশাআল্লাহ।









