রাজধানীতে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ‘ফুয়েল পাস’ সেবার ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, কারিগরি কাজ শেষে আজ রাতেই এটি পুনরায় চালু করা হবে।
ওয়েবসাইটে প্রবেশ করলে বর্তমানে ‘জরুরি রক্ষণাবেক্ষণ ও কর্মক্ষমতা উন্নয়নের জন্য সাময়িকভাবে বন্ধ’—এমন একটি বার্তা দেখা যাচ্ছে।
সরকার জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা, দীর্ঘ সারি কমানো এবং ভোগান্তি হ্রাসের লক্ষ্যে গত ৯ এপ্রিল ‘ফুয়েল পাস’ পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু করে। গ্রাহকদের সুবিধার্থে এ জন্য ওয়েবসাইট ও অ্যাপসও চালু করা হয়।
তবে কারিগরি উন্নয়ন কাজের কারণে শনিবার (১১ এপ্রিল) থেকে ওয়েবসাইটটি বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দ্রুতই কাজ শেষ করে সেবাটি পুনরায় চালু করা হবে।
বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়ের আইসিটি শাখার সিস্টেম এনালিস্ট কবির উদ্দিন বলেন, “কারিগরি কাজ শেষে আজ রাতেই ওয়েবসাইট চালু হয়ে যাবে।”
এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়-এর মুখপাত্র আরিফ সাদেক জানান, ওয়েবসাইট উন্নয়নের কাজ চলছে এবং মন্ত্রণালয়, বিআরটিএসহ একাধিক সংস্থা এতে সমন্বিতভাবে কাজ করছে।
এদিকে রাজধানীর সাতটি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে রয়েছে তেজগাঁও, আসাদগেট, মহাখালী, শাহবাগ, নিকুঞ্জ ও কল্যাণপুর এলাকার বিভিন্ন স্টেশন।
ওয়েবসাইট বন্ধ থাকায় নিবন্ধন প্রক্রিয়ায় সাময়িক জটিলতা তৈরি হলেও সংশ্লিষ্টরা আশা করছেন, সেবা পুনরায় চালু হলে পরিস্থিতি স্বাভাবিক হবে।









