চব্বিশের গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে ঐক্যবদ্ধ মোর্চা, জুলাই ঐক্য ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ সকল খুনিকে দেশে ফিরিয়ে আনা এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়ালীগ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে “মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন” কর্মসূচি আয়োজন করবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার বিকেল ৩টার দিকে রামপুরা ব্রিজ থেকে শুরু হবে এই কর্মসূচি। এতে অংশগ্রহণ করবেন দেশপ্রেমিক বাংলাদেশপন্থি সাবেক সেনা কর্মকর্তারা, ডাকসু ও জাকসুর একাধিক নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ছাত্র সংগঠনের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদরাসা-স্কুলের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। কর্মসূচির নেতৃত্বে থাকবেন জুলাই ঐক্যের সংগঠনের নেতৃবৃন্দ।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর ভারতের প্রক্সিরা নতুন করে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ভারতের আশ্রয়ই চব্বিশের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে গণহত্যা চালানো খুনিদের দেওয়া হয়েছে। সর্বশেষ, স্বাধীনতাবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে লড়াই করা জুলাইয়ের নেতা শরিফ ওসমান হাদিকে হত্যা করার পর ভারতীয় পক্ষ আনন্দ উল্লাস প্রকাশ করেছে। জুলাই ঐক্য জানিয়েছে, বাংলাদেশে কোনো আধিপত্যবাদকে মেনে নেওয়া হবে না এবং এ কর্মসূচির মাধ্যমে ভারত সরকার ও অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে খুনিদের ফেরত না আনা হলে, পরবর্তী পরিস্থিতির দায়ভার নিতে হবে দিল্লি এবং বর্তমান সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে।
জুলাই ঐক্য আরও উল্লেখ করেছে, ভারত ও তার প্রক্সিরা চায় না বাংলাদেশে গণতন্ত্র বজায় থাকুক এবং দেশে সুষ্ঠু নির্বাচন হোক। তাই তারা একের পর এক বিশৃঙ্খলা তৈরি করছে। ফলে চব্বিশের ছাত্রজনতাকে দেশ রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসার আহ্বান জানানো হয়েছে।









