যুক্তরাজ্যের ফ্ল্যাগশিপ সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। সংস্থাটির মোট কর্মীর প্রায় ১০ শতাংশ, অর্থাৎ ২১ হাজার ৫০০ জনকে চাকরি থেকে বাদ দেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে।
বুধবার লন্ডনে বিবিসির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত অল-স্টাফ বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। আগামী ১৮ মে নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ম্যাট ব্রিটিন, তার আগেই এই ছাঁটাইয়ের ঘোষণা আসে।
এর আগে ২০১১ সালে একবার এমন বিপুল কর্মী ছাঁটাই হয়েছিল। তারপর ২০২৫ সাল পর্যন্ত এত বড় আকারে ছাঁটাই বিবিসিতে হয়নি।
এর আগে ফেব্রুয়ারিতে বিবিসি জানায়, বাজেট থেকে প্রায় ৬০ কোটি পাউন্ড সাশ্রয়ের লক্ষ্যে কর্মী সংখ্যা কমানোর পরিকল্পনা করা হচ্ছে। সংস্থাটির লক্ষ্য অনুযায়ী, মোট জনবলের প্রায় ১০ শতাংশ কমানো হবে।
গত বছরের শেষ দিকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে কাভারেজ নিয়ে বিতর্কের পর তৎকালীন মহাপরিচালক টিম ডেভি পদত্যাগ করেন। পরে অন্তর্বর্তী দায়িত্বে থাকা রদ্রি তালফান ডেভিস এই ছাঁটাই পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
সংস্থাটির পক্ষ থেকে কর্মীদের পাঠানো ইমেইলে বলা হয়েছে, চলমান অর্থনৈতিক চাপ মোকাবিলা করতেই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।









