রাজধানীর গেন্ডারিয়া রেল স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় আসরাদুল (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল সোয়া চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ইউসুফ জানান, কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রেনে উঠেছিল কিশোরটি। গেন্ডারিয়া স্টেশনে পৌঁছালে চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করলে সে পা হড়কে ট্রেন ও প্ল্যাটফর্মের ফাঁকা জায়গায় পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও জানান, নিহত আসরাদুলের বাড়ি কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায়।
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।









