চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর থেকে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয়রা প্রতিবাদ স্বরূপ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে যান চলাচল আধা ঘণ্টা বন্ধ থাকে, শতশত গাড়ি আটকা পড়ে ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
ঘটনাটি ঘটেছে শনিবার (৪ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার শীতলপুর বগুলা বাজার এলাকায়। স্থানীয় সূত্র জানায়, শীতলপুর এলাকার পশ্চিমে এম রহমান নামক একটি পরিত্যক্ত জাহাজ ভাঙা কারখানায় সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। যদিও কিছু স্থানীয় গ্রুপ এই কাজে সহযোগিতা করলেও, বেশিরভাগ স্থানীয় জনসাধারণ এতে প্রতিবাদ জানান।
প্রতিবাদ করার সময় শুক্রবার বিকেলে স্থানীয়রা ওই জাহাজ ভাঙা কারখানায় গেলে একদল মানুষ তাদের ওপর হামলা চালায়। এতে ৪–৫ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা দাবি করেছেন।
এই ঘটনায় ক্ষুব্ধ জনগণ বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মহাসড়কে ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয়রা ব্যারিকেড তুলে নেন।
সীতাকুণ্ড উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. মাহবুল আলম বলেছিলেন, সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আমাদের গ্রাম নদীর গর্ভে বিলীন হওয়ার পথে। প্রতিবাদ করার সময় সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালিয়েছে। প্রশাসনের আশ্বাস পাওয়ার পর আমরা ব্যারিকেড তুলে নিয়েছি।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, সাগর থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ব্যারিকেড তুলে নেন।









