বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, তার দল জুলাই সনদের প্রতিটি দফাকে সম্মান করে এবং এর চেতনাকে ধারণে বিশ্বাসী।
রবিবার (১২ এপ্রিল) ভোলা সদর উপজেলার উকিলপাড়ার ‘শান্ত নীড়’-এ ভোলার রাজনীতিক নাজিউর রহমান মঞ্জু-এর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পার্থ অভিযোগ করেন, বিরোধীদল জুলাই সনদকে এমনভাবে উপস্থাপন করছে যাতে সরকারকে এর বিরুদ্ধে দাঁড় করানোর একটি প্রচেষ্টা দেখা যাচ্ছে। তিনি বলেন, “আমরা জুলাই সনদকে মানি, এর প্রতিটি দফাকে সম্মান করি। একই সঙ্গে আমরা সংবিধানকেও সম্মান করি।”
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রী আন্তরিক। এ বিষয়ে বিরোধীদলের বিভ্রান্তি সৃষ্টি বা প্রতারণার অভিযোগ তোলা অনুচিত এবং এমন বক্তব্য থেকে বিরোধীদলের সরে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
উন্নয়ন প্রসঙ্গে পার্থ জানান, ভোলা-বরিশাল সেতু নির্মাণে সরকার নীতিগত অনুমোদন দিয়েছে এবং শিগগিরই একনেক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে। সেতু নির্মিত হলে ভোলায় বিনিয়োগ বাড়বে, সম্পত্তির মূল্য বৃদ্ধি পাবে এবং নতুন শিল্প-প্রতিষ্ঠান গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এছাড়া ভোলায় একটি মেডিক্যাল কলেজ অনুমোদনের কথাও উল্লেখ করে তিনি বলেন, এটি ভোলা সদরে এমন স্থানে নির্মাণ করা হবে, যাতে জেলার সব মানুষ এর সুফল ভোগ করতে পারেন। তিনি জানান, স্বল্প সময়ের মধ্যেই ভোলার জন্য দুটি বড় উন্নয়ন নিশ্চিত হয়েছে।









