অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সংসদ সদস্য ও রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজ শেষে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এর আগে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী।
গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার বিস্তারিত খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গতকাল রাতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার খোঁজ নেওয়ার পাশাপাশি মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন।
একইসঙ্গে তিনি রোগীকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার যাবতীয় ব্যবস্থা করতে পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।
অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, মির্জা আব্বাসকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে চিকিৎসা দেওয়া হবে।
জাহিদ হোসেন বললেন, মির্জা আব্বাসকে হাসপাতালে নিউরো আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তার সার্বক্ষনিক খোঁজ-খবর নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থা উনাকে অবহিত করা হচ্ছে।
উল্লেখ্য, গত বুধবার (১১ মার্চ) অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে।









