বগুড়ার শেরপুরে যাত্রীবাহী মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ ও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯ জন।
বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) ও রিন্টু (৪৭) (চালক)। আহত শিশু ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০) বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৯-৩০৪১) ছোনকা এলাকায় পৌঁছামাত্রই বিকট শব্দে সেটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই পুরো গাড়িতে দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে ভেতরে থাকা যাত্রীদের বের হওয়ার সুযোগ ছিল না।
উদ্ধার অভিযান সূত্রে জানা যায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে শেরপুর ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, ঘটনাস্থলেই একজন মারা যান। বাকিদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।









