ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬, ঢাকা-৭ এবং গাইবান্ধা-৪ আসনের ঘোষিত ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে আবেদন জমা পড়েছে। সংশ্লিষ্ট আসনগুলোতে ভোট পুনঃগণনার দাবি জানিয়ে এই আবেদনগুলো করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ আবেদনগুলো গ্রহণ করে আগামী অবকাশকালীন ছুটির পর শুনানির দিন ধার্য করেছেন।
আসন তিনটিতে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াতে ইসলামীর প্রার্থীরা এই আবেদনগুলো দাখিল করেন। আবেদনকারীদের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির সাংবাদিকদের জানান, আদালত সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপার, ফলাফল বিবরণী (রেজাল্ট শিট) এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় নথিপত্র আদালতের হেফাজতে নিয়ে আলাদাভাবে সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন।
এর ফলে উল্লিখিত তিন আসনের ভোটের স্বচ্ছতা যাচাইয়ের আইনি প্রক্রিয়া শুরু হলো। আদালত শুনানির পর পরবর্তী সিদ্ধান্ত জানাবে।









