মাদারীপুরে গৃহবধূ সাথী আক্তারের মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়ি ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা।
গতকাল রবিবার (৮ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর মহিষেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, সদর উপজেলার উত্তর মহিষেরচর গ্রামের গোলাম বেপারীর ছেলে কাইয়ুম বেপারীর সঙ্গে ৭ মাস আগে বিয়ে হয় একই এলাকার ওহিদুল খাঁর মেয়ে সাথী আক্তারের। বিয়ের তিন দিনের মাথায় কাইয়ুম জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান। সাথীর স্বজনদের অভিযোগ, তার ওপর মানসিক নির্যাতন শুরু হয়। সাথীকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়।
খবর পেয়ে গতকাল বেলা ১১টার দিকে পুলিশ সাথীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর গতকাল রাতে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।
এ ঘটনার জেরে গতকাল রাতেই বিক্ষুব্ধ লোকজন সাথীর শ্বশুরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। তবে ওই সময় বাড়ির কোনো সদস্য সেখানে ছিলেন না। তাঁরা সকাল থেকেই পলাতক বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ‘গৃহবধূর মৃত্যুর ঘটনা কেন্দ্র করে তার শ্বশুরবাড়িতে আগুন দেওয়া হয়েছে বিক্ষুব্ধদের দ্বারা। খবর পেয়ে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ব্যাপারে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।’









