হরমুজ প্রণালীতে নৌ-মাইন ঝুঁকি এড়াতে জাহাজ চলাচলের জন্য নতুন রুট প্রকাশ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) আইআরজিসি একটি মানচিত্র প্রকাশ করেছে, যাতে নৌ-মাইন এড়ানোর জন্য বিকল্প নৌপথ চিহ্নিত করা হয়েছে। প্রকাশিত মানচিত্রে একটি বৃত্তাকার এলাকা ‘বিপজ্জনক অঞ্চল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নৌবাহিনী জানিয়েছে, জাহাজগুলোকে নৌ-মাইন ঝুঁকি এড়াতে তাদের সঙ্গে সমন্বয় করে চলতে হবে।
আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালীর দক্ষিণ অংশ ও ওমান উপকূলের কাছে যাতায়াত করা তেলবাহী জাহাজগুলো এখন আরও উত্তরের দিকে, ইরানের উপকূলের কাছাকাছি পথ ব্যবহার করবে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, হরমুজ প্রণালীকে নিরাপদভাবে চলাচলের উপযোগী করা হবে। ‘টুডে’ অনুষ্ঠানে তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর আগে এই প্রণালী ‘হাজার হাজার বছর ধরে খোলা ছিল’।
খাতিবজাদেহ আরও বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ‘বাস্তবে আগ্রাসন বন্ধ না করে’, তবে হরমুজ প্রণালী পুনরায় খোলা হবে না। তিনি উল্লেখ করেছেন, ইরান আন্তর্জাতিক আইন ও রীতি মেনে চলবে, তবে প্রণালীটি আন্তর্জাতিক জলসীমার অন্তর্ভুক্ত নয়। নিরাপদ চলাচল ইরান ও ওমানের সদিচ্ছার ওপর নির্ভর করছে।









