সৌদি আরবে আজ বুধবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামীকাল বৃহস্পতিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে।
এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদ্যাপন করেন। এটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়।
গালফ নিউজ এক প্রতিবেদনে জানায়, মধ্যপ্রাচ্যের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবের বাসিন্দারা আরো একটি রোজা পালন করবেন। ফলে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শুক্রবার (২০ মার্চ)।
সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়। সেই হিসাবে দেশে আগামী শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে এটি বাংলাদেশের চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।
এর আগে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে তুরস্ক। তুর্কি সরকার জানায়, শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) তুরস্ক ও অন্যান্য অঞ্চল থেকে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার যে ইঙ্গিত জ্যোতির্বিজ্ঞানীরা দিয়েছেন, তার ভিত্তিতে এ তারিখ ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে সিঙ্গাপুরে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দেশটিতে চাঁদ দেখার সম্ভাবনা না থাকায় আগামী শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।









