ঐতিহাসিক এক মহাকাশ অভিযানের সফল সমাপ্তি ঘটিয়ে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী।
শনিবার সকাল ৬টা ৭ মিনিটে (যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার রাত ৮টা ৭ মিনিট) তাদের বহনকারী ‘ওরিয়ন’ মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করে।
গত ১ এপ্রিল শুরু হওয়া ১০ দিনের এই রোমাঞ্চকর মহাকাশযাত্রায় অংশ নেন যুক্তরাষ্ট্রের রিড ওয়াইজম্যান, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার এবং কানাডার জেরেমি হ্যানসেন। মিশনটি মহাকাশ গবেষণায় একাধিক নতুন রেকর্ড স্থাপন করেছে।
অবতরণের পর কমান্ডার রিড ওয়াইজম্যান এই যাত্রাকে “অসাধারণ” বলে অভিহিত করেন। সমুদ্রে ক্যাপসুল অবতরণের পর তিনি জানান, যানটি স্থিতিশীল রয়েছে এবং চারজন নভোচারীই সুস্থ আছেন।
চাঁদের দূরবর্তী অংশে অবস্থানের সময় নভোচারীরা পৃথিবী থেকে প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৫৭ মাইল দূরে পৌঁছান,যা ১৯৭০ সালের অ্যাপোলো-১৩ মিশনের রেকর্ড ভেঙে দিয়েছে।
এই মিশনটি বৈচিত্র্যের দিক থেকেও গুরুত্বপূর্ণ। ভিক্টর গ্লোভার প্রথম অশ্বেতাঙ্গ, ক্রিস্টিনা কোচ প্রথম নারী এবং জেরেমি হ্যানসেন প্রথম অ-মার্কিন হিসেবে চাঁদের কক্ষপথ ভ্রমণের ইতিহাস গড়েছেন।
মহাকাশযাত্রার সময় নভোচারীরা অন্তত ছয়টি উজ্জ্বল উল্কাপাত প্রত্যক্ষ করেন, যা একটি বিরল অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, নাসার পরিকল্পনা অনুযায়ী ২০২৮ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের পদচিহ্ন স্থাপনের লক্ষ্যে এই মিশনটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
নভোচারীদের এই ঐতিহাসিক প্রত্যাবর্তন নাসা প্লাসসহ বিভিন্ন জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হয়।









