কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালক ও ৩ যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমেন নিশ্চিত করে জানান, ঢাকাগামী ‘স্টার লাইন পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যক্তিগত কারকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক এবং একই পরিবারের আরও তিন সদস্য প্রাণ হারান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, মাগরিবের আজানের ঠিক ১৫ মিনিট আগে কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে, যাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।









