ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান পূর্ণ শক্তিতে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার দেশটির পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি এ কথা জানান।
নেতানিয়াহু বলেন, ইসরায়েলি বাহিনীর অভিযান এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি। তার ভাষায়, “যুদ্ধ সবসময়ই চলছে। গতকাল (সোমবার) এবং আজ (মঙ্গলবার) আমাদের বিশেষ মনোযোগ ছিল দক্ষিণ লেবাননের বিনত জবেইল এবং গাজার ওপর। পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা সর্বশক্তি দিয়ে অভিযান চালিয়ে যাব।”
বর্তমান পরিস্থিতিকে অতীতের মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে তুলনা করে তিনি বলেন, এখনকার প্রেক্ষাপটে হামাসের বিরুদ্ধে কোনো ঐক্যবদ্ধ আন্তর্জাতিক বাহিনী গড়ে ওঠার সম্ভাবনা খুবই কম।
ভাষণে তিনি গত ১১ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে জানান, ওই বৈঠকে হামাসকে নিরস্ত্র হওয়ার জন্য ৬০ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল। তবে সেই সময়সীমা শেষ হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গাজায় পরিস্থিতি স্বাভাবিক করতে কূটনৈতিক প্রচেষ্টা বর্তমানে স্থবির হয়ে আছে। যুদ্ধবিরতির পরবর্তী শাসনব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে মতপার্থক্য দেখা দিয়েছে।
২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হলেও বাস্তবে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার দেইর আল-বালাহর আল-মাজরা স্কুলের কাছে ড্রোন হামলায় তিনজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৭৫০ জন ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৯০ জন আহত হয়েছেন। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৩২৯ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ৭২ হাজার ১৯২ জনে।
সূত্র: রোয়া নিউজ









