বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্যতম অঙ্গীকার ছিল ‘কৃষক কার্ড’। বাংলা নতুন বছরের প্রথম দিন আজ মঙ্গলবার কৃষক কার্ড বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রীর টাঙ্গাইলের সন্তোষে পৌঁছানোর কথা। এরপর তিনি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন। সকাল সাড়ে ১০টায় কৃষক কার্ড উদ্বোধন করবেন তিনি। তারপর পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন শেষে দুপুরের পর তিনি ঢাকায় ফিরবেন।
জানা গেছে, দেশের ১১টি উপজেলায় একযোগে আজ ‘কৃষক কার্ড’ কার্যক্রমের যাত্রা শুরু হবে।
উপজেলাগুলো হলো—টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, পঞ্চগড়ের বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী।
দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ এবং চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ১১টা থেকে শুরু হয়ে তিন ধাপে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ, বাণিজ্য ও বিদ্যুৎ উপদেষ্টারাও অংশ নেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, প্রথম ধাপের বৈঠক সকাল ১১টায় শুরু হয়। এতে অংশ নেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম; ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান; ট্রান্সকম লিমিটেডের করপোরেট ফাইন্যান্স পরিচালক আব্দুল্লাহ আল মামুন; কাজী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান; প্রতিষ্ঠানটির পরিচালক কাজী জাহিন হাসান; ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ এবং ব্র্যাকের সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের অ্যাসোসিয়েট ডিরেক্টর আজিজুল হক।
দ্বিতীয় ধাপের বৈঠক শুরু হয় দুপুর ১২টা ৩০ মিনিটে। এতে অংশ নেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান এস কে শামীম উদ্দিন; আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও সাইয়েদ জহুরুল আলম; লাল তীর সিডস লিমিটেডের পরিচালক তাজওয়ার এম আওয়াল এবং প্যারাগন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান।
তৃতীয় ধাপের বৈঠক শুরু হয় দুপুর ১টা ৩০ মিনিটে। এতে অংশ নেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী; নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আমিনুল ইসলাম; টিকে গ্রুপের দুই পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার ও তারিক আহমেদ।









