তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ সোমবার বিকেলে গুলশানের চেয়ারপারসন অফিসে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শোকবাণী পৌঁছে দেওয়া হয়।
বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একান্ত সচিব-২ সজীব এম খায়রুল ইসলাম গুলশানের চেয়ারম্যান কার্যালয়ে পৌঁছে শোকবাণী হস্তান্তর করেন।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি তিনি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।









