জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রথম রাজনৈতিক দল হিসেবে ব্যানার হাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের পাশে দাঁড়িয়েছিল। আপনাদের এই অবদান দেশ ও জাতির জন্য আমরা আজীবন স্মরণ করব।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বরিশাল সদর উপজেলার চরমোনাই মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এই বক্তব্য দেন।
আসিফ মাহমুদ বলেছিলেন, আমি জীবিত অবস্থায় আজ আপনাদের সামনে রয়েছি—এটি সম্ভব হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সেই সময়ে আমাদের পাশে দাঁড়ানো সকলের জন্য। দেশের মানুষের মুক্তির লড়াইয়ে রাজপথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে, তা আগামীতেও অব্যাহত থাকবে।”
এর আগে, চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল চরমোনাই পীরের দরবারে পৌঁছায়।
চরমোনাই মাহফিলের গণমাধ্যম সমন্বয়ক কে এম শরীয়তুল্লাহ জানান, ফজরের নামাজের পর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম মাহফিলে বয়ান করেন। বয়ান শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও এনসিপির প্রতিনিধি দল পীরের সঙ্গে ঘরোয়া বৈঠকে অংশ নেন।









