সরকার প্রতি বছর ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান নাসিমুল গণি।
তিনি জানান, ৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস হিসেবে পালিত হলেও ওই দিনে কোনো সরকারি ছুটি থাকবে না। তবে ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
মন্ত্রিপরিষদসচিব আরও জানান, বৈঠকে ‘নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা-২০২৫’ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সৌরশক্তি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতিতে যে চাপ তৈরি হয়েছে, তা মোকাবেলায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।









