জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রশাসনের আচরণ যদি একপাক্ষিক হয়ে থাকে, তাহলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই। সোমবার (৫ জানুয়ারি) শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারাত শেষে আজাদির যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
হাসনাত আরও বলেন, বিএনপিকে যদি সত্যিকারের গণতন্ত্র রক্ষা করতে হয়, তাহলে প্রশাসনের একপক্ষীয় আচরণের বিরুদ্ধে তাদেরও বক্তব্য রাখতে হবে।
এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রশাসন পুনরায় বিএনপির প্রতি পক্ষপাতিত্ব দেখাচ্ছে। সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার আমলের মতো অফিস ছাড়াও তারেক রহমানকে স্বাগত জানাতে গিয়েছিলেন।
তিনি জানান, সরকার এখনো শহীদ ওসমান হাদির খুনিদের সঠিকভাবে ট্রেস করতে পারেনি। নাসীরুদ্দীন বলেন, আজাদির লড়াই শুরু হয়েছে এবং এগারো দলীয় জোটের মাধ্যমে আজাদির প্রচেষ্টা জারি থাকবে। শাহবাগ ও রমনা এলাকা আজাদির এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজি গ্রহণযোগ্য হবে না।
নাসীরুদ্দীন আরও জানান, নির্বাচনী প্রচারণায় শুধুমাত্র আজাদির বিষয়ক প্রচারণা হবে এবং শাপলা কাণ্ড সম্পর্কিত কোনো বিষয় সামনে আনা হবে না।









