পাবনার সাঁথিয়া উপজেলায় বজ্রপাতে পৃথক স্থানে তিন কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নাগডেমরা, করমজা ও ধুলাউরি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- করমজা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিন প্রামানিকের ছেলে আকরাম হোসেন (৪০), নাগডেমরা ইউনিয়নের সোনাতলা বাজারপাড়া এলাকার কুনু মোল্লার ছেলে আবু সাইদ (৫০) এবং ধুলাউরি ইউনিয়নের এক অজ্ঞাতপরিচয় কৃষক।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে পুন্ডুরিয়া শ্মশানঘাট এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান আকরাম হোসেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। যদিও তখন বৃষ্টি হচ্ছিল না। স্থানীয়রা দূর থেকে তাকে মাটিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই সময় নাগডেমরা ইউনিয়নের সোনাতলা কৃষ্টিয়াপাড়া এলাকায় পেঁয়াজ তুলতে গিয়ে বজ্রপাতে আহত হন আবু সাইদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
অন্যদিকে ধুলাউরি ইউনিয়নের এক কৃষক মাঠে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। তবে এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।
সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পৃথক স্থানে বজ্রপাতে তিনজন কৃষকের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না বলেছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবারের সদস্যরা যোগাযোগ করলে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।









