ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করা হয়। তদন্তে পাওয়া গেছে, ঢাকার মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর নির্দেশে হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডটি মূলত রাজনৈতিক প্রতিহিংসার কারণে সংঘটিত হয়েছে।
দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কলকাতা প্রতিনিধির তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা তাজুল ইসলাম বাপ্পী বর্তমানে কলকাতায় আত্মগোপনে রয়েছেন। তিনি পুলিশ পরিচয়ে রাজারহাটের ওয়েস্ট বেড়াবেড়ি, মেঠোপাড়া এলাকার একটি ফ্ল্যাটে তিন মাস ধরে অবস্থান করছেন।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, শহীদ শরিফ ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেছিলেন। তিনি নিষিদ্ধ ছাত্রসংগঠন ও ছাত্রলীগের অতীত কার্যক্রম নিয়ে সভা-সমাবেশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনামূলক বক্তব্য প্রদান করতেন। হাদির হত্যাকারী হিসেবে ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হয়েছে, যিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
ডিবি জানিয়েছে, তদন্তে নতুন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজন হলে সম্পূরক চার্জশিট দাখিল করা হবে।









