শীত মৌসুম শেষ হয়ে তাপমাত্রা বাড়তে শুরু করেছে।কিন্তু এ সময় বৃষ্টিপাত না হওয়ায় আবহাওয়া শুষ্ক থাকছে। ফলে ঢাকায় বায়ুদূষণের মাত্রা প্রায়ই বেশি দেখা যাচ্ছে। অনেক সময় তা অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যাচ্ছে।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় গত দুদিন শীর্ষে থাকা বাংলাদেশের ঢাকার অবস্থান আজ ষষ্ঠ। এই শহরের বায়ুমানের স্কোর ১৭২।
গতকাল শুক্রবার একই সময়ে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ৩২৯ আর এর আগেরদিন বৃহস্পতিবার ছিল ৩৩১। এ হিসাবে দূষণের মাত্রা অনেকটা কমলেও আজকের বায়ুমানের স্কোর ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।
এদিকে তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বায়ুমানের স্কোর ২২৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’। কাছাকাছি স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা শহর।
ঢাকায় এমন ভয়াবহ বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলাকে দায়ী করছেন পরিবেশবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
উল্লেখ্য, বায়ুমানের মাত্রা ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে ‘সহনীয়’, ১০১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।









