বাগেরহাটের ফকিরহাটে খুলনা-ঢাকা মহাসড়কের পাগলা-শ্যামনগর এলাকায় পেট্রল পাম্পে ঢোকার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেলচালক মো. ইয়াছিন শেখ (৫৫)। তিনি উপজেলার সাতশৈয়া গ্রামের বাসিন্দা।
সোমবার (৬ এপ্রিল) সকাল প্রায় ১০টার দিকে ইয়াছিন শেখ মোটরসাইকেলে করে পাগলা-শ্যামনগর এলাকার একটি ফিলিং স্টেশনে তেল নিতে প্রবেশ করছিলেন। এ সময় খুলনাগামী একটি দ্রুতগতির বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং বাসটি শনাক্তের চেষ্টা চলছে।
একই দিনে ফকিরহাট এলাকায় আরও দুটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। সকাল ১১টার দিকে পিলজংগ এলাকায় একটি ক্রেন উল্টে গিয়ে ইসরাফিল শেখ (২৭) আহত হন। এছাড়া শ্যামবাগাত এলাকায় বাসের ধাক্কায় এক অজ্ঞাত বাইসাইকেল আরোহী আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সব মিলিয়ে একদিনে একাধিক দুর্ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।









