সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে এবং নতুনভাবে কার্যক্রম শুরু করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি মনে করেন, জনগণের প্রত্যাশিত পরিবর্তন এখনো বাস্তবায়িত হয়নি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, নববর্ষের এই দিনে মানুষের প্রত্যাশা থাকে নতুন সূচনা এবং পুরোনো বকেয়া পরিশোধের। কিন্তু জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ অনেক ‘বকেয়া’ এখনো রয়ে গেছে। বিশেষ করে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিষয়টি সরকারের প্রতি প্রধান দাবি হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার জন্য তরুণ প্রজন্ম যে আত্মত্যাগ করেছে, সেই লক্ষ্য পূরণে এখনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। গণঅভ্যুত্থান ও নির্বাচন সম্পন্ন হলেও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়িত হয়নি বলে দাবি করেন তিনি।
বিরোধীদলীয় এই নেতা অভিযোগ করেন, সরকার সংস্কারের কাজ অসম্পূর্ণ রেখেই নতুন কার্যক্রম শুরু করেছে, ফলে জনগণের কাছে ‘রক্তের ঋণ’ এখনো পরিশোধ হয়নি। তিনি বলেন, জনগণের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হলে দ্রুত সংস্কার বাস্তবায়ন করতে হবে।
নাহিদ ইসলাম জানান, নতুন বছরে তাদের অঙ্গীকার হলো যে সকল প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি, সেগুলো বাস্তবায়নে চাপ অব্যাহত রাখা। তিনি সতর্ক করে বলেন, যারা গণভোটের রায়কে উপেক্ষা করছে বা অস্বীকার করার চেষ্টা করছে, তাদের দ্রুতই জনগণের সিদ্ধান্ত মেনে নিতে হবে।









