সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলক উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রবিবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জাতীয় উদ্যোগের অংশ হিসেবে এই নির্দেশনা কার্যকর করা হচ্ছে বলে জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কক্ষে অবস্থান করতে হবে। একই সঙ্গে দাপ্তরিক কর্মসূচি নির্ধারণের সময় যেন এ সময়সূচি বিঘ্নিত না হয়, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতির ব্যবহার কমাতে বলা হয়েছে। জানালা, দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহারে উৎসাহিত করা হয়েছে।
অফিস চলাকালীন কেবল প্রয়োজনীয় সংখ্যক লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার কথাও বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, অফিস কক্ষ ত্যাগের সময় সব ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম—লাইট, ফ্যান ও এয়ার কন্ডিশনার—বন্ধ রাখতে হবে। করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতির ব্যবহার বন্ধ রাখতে হবে।
অফিস সময় শেষে লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারি নির্দেশনা ছাড়া আলোকসজ্জা পরিহার এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
পরিচ্ছন্নতা রক্ষার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। অফিস কক্ষ, করিডোর, টয়লেট ও সিঁড়ি নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি এসব নির্দেশনা বাস্তবায়ন ও মনিটরিংয়ের জন্য প্রতিটি দপ্তর, সংস্থা ও কার্যালয়ে ভিজিল্যান্স টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।









