পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আজ শনিবার (৩ জানুয়ারি) শুরু হলো ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৬। এই মেলা বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে এবং আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ৪ নম্বর সেক্টরে মেলার স্থায়ী ভেন্যু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিসিএফইসি) ভবনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন পঞ্চমবারের মতো মেলার উদ্বোধন করেন। এসময় পেপার এন্ড প্যাকেজিং প্রোডাক্টসকে বর্ষ পণ্য হিসেবে ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিবির ভাইস চেয়ারম্যান (প্রধান নির্বাহী) অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ, বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।
এবারের মেলায় অংশ নিচ্ছে ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং, মালয়েশিয়াসহ ১১টি বিদেশি প্যাভিলিয়ন। দেশ-বিদেশের উদ্যোক্তাদের অংশগ্রহণে ৩২৪টি স্টলে বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পরিবেশ সুরক্ষার কারণে মেলা প্রাঙ্গণে পলিথিন ব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
মেলায় প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা, শিশুদের জন্য ২৫ টাকা। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ব্যক্তি ও জুলাই আন্দোলনে আহতরা পরিচয়পত্র প্রদর্শন করলে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।
বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ১৯৯৫ সাল থেকে ৩০ বছর ধরে নিয়মিতভাবে আয়োজিত হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। এর মূল লক্ষ্য হলো দেশীয় পণ্যের প্রচার ও প্রসার, শিল্পোৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি করা।









