ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে চলা রাশিয়ার হামলার অন্তত ২৫ জন নিহত হয়েছেন। একদিকে শান্তি আলোচনা চললেও ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, সংঘাত কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, ইউক্রেনের ডোনেটস্ক অঞ্চলে একটি হামলায় অন্তত ১১ জন নিহত এবং ছয় শিশুসহ ৪০ জন আহত হয়েছে। এ সময় খারকিভ ও ওডেসাসহ অন্যান্য অঞ্চলে চলা হামলায় বাড়িঘর ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার ও শনিবার এই অঞ্চলে অন্যান্য হামলায় নয়জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। এছাড়া খারকিভ অঞ্চলের বোহোদুখিভের একটি কোম্পানিতে ড্রোন হামলায় শনিবার ভোরে তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক প্রধান ওলেহ সিনিয়েহুবভ।।
মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভের সাথে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করার পর সাম্প্রতিক দিনগুলোতে রুশ হামলা আরও তীব্র হয়েছে।
সর্বশেষ রুশ হামলার পর, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, "যখন কেউ অসভ্যদের খুশি করে তখন এটি ঘটে।" সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি যোগ করেছেন। "আরো বোমা, আরো আগ্রাসন, আরো শিকার।"
ডোনেটস্ক অঞ্চলের শহর ডোব্রোপিলিয়ায় শুক্রবার গভীর রাতে সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, আটটি আবাসিক ভবন এবং একটি শপিং সেন্টারে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত ১১ জন নিহত হয়েছেন।
জরুরী পরিষেবা আসার পরে, রাশিয়া "ইচ্ছাকৃতভাবে উদ্ধারকারীদের লক্ষ্য করে" আরেকটি হামলা শুরু করে বলেও অভিযোগ করেছেন জেলেনস্কি। তার কথায়, "এই ধরনের হামলা প্রমাণ করে, রাশিয়ার লক্ষ্য অপরিবর্তিত।"









