বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং আবারও সুখবর দিলেন ভক্তদের। তারা দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে চলেছেন।
রোববার (১৯ এপ্রিল) নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের এই আনন্দের খবরটি জানান এই তারকা জুটি। ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টে দুয়ার হাতে প্রেগন্যান্সি টেস্ট কিট ধরিয়ে দিয়ে এই সংবাদ শেয়ার করেন দীপিকা। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
দীর্ঘ পাঁচ বছরের প্রেমের পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে রাজকীয় আয়োজনে বিয়ে করেন তারা। কোঙ্কনি এবং সিন্ধি—উভয় রীতিতেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল।
বিয়ের প্রায় ছয় বছর পর ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের প্রথম সন্তান ‘দুয়া’র জন্ম হয়। প্রথম সন্তানের বয়স এক বছর পূর্ণ হওয়ার আগেই দ্বিতীয় সন্তানের আগমনের ঘোষণা দিয়ে নতুন করে আলোচনায় এলেন এই দম্পতি।
সম্প্রতি ‘ওয়েভস ২০২৫’ সম্মেলনে মাতৃত্ব নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন দীপিকা। তিনি জানান, সন্তানের আগমনের পর তার জীবনের অগ্রাধিকার বদলে গেছে। ক্যারিয়ারের চেয়ে এখন পরিবার ও সন্তানের দায়িত্বই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। মাতৃত্ব তাকে আরও সংবেদনশীল ও বাস্তববাদী করে তুলেছে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালে ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার সেটে কাজ করতে গিয়েই দীপিকা ও রণবীরের প্রেমের সূচনা হয়। এরপর থেকে তাদের সম্পর্ক বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমকাহিনিতে পরিণত হয়েছে।
এদিকে এই সুখবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভাসছেন এই তারকা দম্পতি।









