‘বিএনপি যখন এ সরকারের দায়িত্ব নিয়েছে তখন দেশের মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও মৌলিক অধিকারসহ সব অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে’, বলছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও পলাশ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। তিনি আরও উল্লেখ করেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে।
সোমবার (৯ মার্চ) বিকেলে নরসিংদী স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি ।
মঈন খান বলছিলেন ,শেখ হাসিনার আমলে বিগত ১৭ বছর দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল। মানুষের বাকস্বাধীনতা ছিল না। বহু আন্দোলন সংগ্রামের পরে জুলাই গণঅভুথ্যানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে। মানুষ স্বাধীনভাবে তার পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করেছে।
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি, নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ও রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকসহ সর্বস্তরের লোকজন।









