কারাগারে বন্দি অবস্থায়ও বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। একই সঙ্গে মনোনয়নপত্রে স্বাক্ষরের প্রয়োজনীয় নির্দেশনাও চাওয়া হয়েছে এই আবেদনে।
বুধবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে রিটটি দাখিল করেন আইনজীবী লিটন আহমেদ। এতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বার কাউন্সিল এবং ঢাকার জেলা প্রশাসককে (ডিসি) বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী ১৯ মে বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে ৭ এপ্রিল ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৬ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত। তবে বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে আটক থাকায় সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্রে স্বাক্ষর করতে পারছেন না সুমন।
এ অবস্থায় তার স্বাক্ষর নিশ্চিত করতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রয়োজনীয় অনুমতি ও ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করা হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। এতে বলা হয়, কর্তৃপক্ষের এই ‘নিষ্ক্রিয়তা’র কারণে তিনি কার্যত নির্বাচনে অংশগ্রহণের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
রিটে আরও উল্লেখ করা হয়, এ পরিস্থিতি সংবিধানের ২৭, ৩১ ও ৪০ অনুচ্ছেদে প্রদত্ত সমতা, আইনের আশ্রয় লাভ এবং পেশা নির্বাচনের অধিকারের পরিপন্থী। এর আগে গত ১২ এপ্রিল এ বিষয়ে ঢাকার জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলেও কোনো সাড়া না পাওয়ায় আদালতের শরণাপন্ন হতে হয়েছে।
আইনজীবী লিটন আহমেদ জানান, জেলা প্রশাসকের কাছে প্রয়োজনীয় স্বাক্ষর গ্রহণের ব্যবস্থা নিতে আবেদন করা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে হাই কোর্টে রিট করা হয়েছে।
তিনি আরও বলেন, রিটে মনোনয়নপত্রে স্বাক্ষরের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও তা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসকের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না সে বিষয়ে রুল জারির আবেদনও করা হয়েছে।
বিষয়টি শুনানির জন্য বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন বেঞ্চের অনুমতি নেওয়া হয়েছে। মনোনয়ন দাখিলের সময়সীমা ঘনিয়ে আসায় জরুরি ভিত্তিতে বৃহস্পতিবার শুনানির আবেদন করা হবে বলেও জানিয়েছেন রিটকারী পক্ষ।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত বছরের ২২ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার হন হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য সুমন।









