আর কয়েকদিন পরই মুসলিমদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। ঈদুল ফিতর ও ঈদুল আজহা দুটি ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নিতে সবাই ছুটে চলে নিজ গ্রামে ।
তবে সকলে ঈদুল ফিতরের আনন্দটা বেশি উপভোগ করে থাকেন । কারণ হিসেবে ১মাস সিয়াম সাধণার পর ঈদুল ফিতরের আনন্দটা বেশ অন্যরকম।
ঈদের ছুটিতে নাড়ির টানে নিজ গন্তেব্য ছুটে চলা মানুষেরা ইতোমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন । ফলে ব্যস্ততা বেড়েছে রাজধানীর বাস কাউন্টারগুলোতে। ঘরমুখো মানুষের পদচারণায় এখন মুখর দূরপাল্লার বাস টার্মিনালগুলো।
ঈদযাত্রার প্রথমদিন গতকাল শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে রাজধানীর দূরপাল্লার বাস টার্মিনাল গাবতলী ও কল্যাণপুর কাউন্টার ঘুরে সাধারণ মানুষের ঢাকা ছাড়ার এমন চিত্র দেখা গেছে
গতকাল সকাল থেকেই কল্যাণপুর থাকে গাবতলীমুখী যানবাহনের চাপ অনেকটা বেশি ছিল। ফলে ধীরগতিতে চলছে যানবাহন। সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্ট ও মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। গাবতলী টার্মিনাল ও কল্যাণপুর কাউন্টারে যাত্রীরা এসে ভিড় জমাচ্ছেন। টিকিট সংগ্রহে কাউন্টার থেকে কাউন্টারে ঘুরছেন তারা। কাউন্টারে দায়িত্বরত পরিবহন শ্রমিকরা হাঁক ছেড়ে যাত্রীদের ডাকছেন। ব্যস্ত সময় কাটাচ্ছেন কাউন্টার মাস্টাররাও।
পরিবহন কাউন্টারের এক মাস্টার বললেন, যাত্রীচাপ মোটামুটি ভালো। অনেকেই ঈদের ছুটিতে বাড়িতে যাওয়া শুরু করেছেন।
এ কাউন্টার মাস্টার আরও বললেন, এখন অনলাইনের যুগ, তাই কাউন্টারে এসে যাত্রীর উপস্থিতি সেভাবে চোখে পড়বে না। অনলাইনে টিকিট কেটে নির্ধারিত সময়ে যাত্রীরা কাউন্টারে আসছেন। সব গাড়িতেই মোটামুটি চাপ আছে। কোনো গাড়ি ফাঁকা যাচ্ছে না। সকাল সাড়ে ৮টা পর্যন্ত আমাদের দুটি গাড়ি ছেড়ে গেছে।
একজন চাকরি করেন। এখন সবাই যদি ঐ এক জনের অফিস ছুটির অপেক্ষায় থাকেন তাহলে ঝামেলায় পড়বেন। এ কারণে চাকরিজীবী বাদে পরিবারের অন্য সদস্যদের গ্রামে পাঠিয়ে দিচ্ছেন।
কাঁচপুর হাইওয়ে পুলিশ থানার ইনচার্জ শ্রী কৃষ্ণপদ শর্মা জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এরই মধ্যে তত্পরতা শুরু করেছি। ঈদকে কেন্দ্র করে ৮২ পুলিশ সদস্য মহাসড়কে মোতায়েন থাকছে। আশা করি, যানজটের ভোগান্তি হবে না।
৩৭ লাখের চাপে, টিকিট পেয়েছেন ৩৬ হাজার :সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, অনলাইন টিকিটের জন্য প্রায় ৩৭ লাখ মানুষ চেষ্টা করলেও সক্ষমতা অনুযায়ী ৩৬ হাজার টিকিট দেওয়া সম্ভব হয়েছে। তবে পুরো প্রক্রিয়া স্বচ্ছ হওয়ায় সাধারণ যাত্রীরা হয়রানি ছাড়াই স্বস্তিতে যাত্রা শুরু করতে পেরেছেন।
গতকাল সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন ও ঈদ যাত্রার প্রথম দিনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।









