কুমিল্লার সদর দক্ষিণে ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ ঘটনায় হেলাল উদ্দিন ও মেহেদী হাসান নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে।
রবিবার সকালে ৯টায় তাদের দুইজনকে বরখাস্ত করা হয়।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভুইয়া এ তথ্য নিশ্চিত করে জানান, দায়িত্ব অবহেলার অভিযোগে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় দায়িত্বরত মেহেদী হাসান ও হেলাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে শনিবার (২১ মার্চ) রাতে ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকা গামী মেইল ট্রেন দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় ১২ জনের। যাদের মধ্যে ৭ জন পুরুষ, ২ নারী ও তিনজন শিশু।









