বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণা করেছে।
ট্রাইব্যুনাল সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দিয়েছে। আরও তিন পুলিশ সদস্য—সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, সাবেক পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম নয়ন ও এসআই বিভূতি ভূষণ রায়—যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন। অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রায় ঘোষণার পর আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, “আমি রায়ে সন্তুষ্ট নই। মূল অপরাধীদের আরও কঠোর সাজা আশা করেছিলাম। বড় কর্মকর্তাদের নামমাত্র সাজা পেয়েছেন; আমরা সব আসামির ফাঁসি চাই।” তিনি রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়ে বলেন, “আইনজীবী ও বড় ছেলের সঙ্গে পরামর্শের পরে সিদ্ধান্ত নেব।”
আবু সাঈদের মা মনোয়ারা বেগমও বলেন, “মূল অপরাধীদের আরও দীর্ঘ মেয়াদি সাজা আশা করেছিলাম। সরকারের কাছে আমাদের দাবি, এই রায়ে আমরা সন্তুষ্ট নই।”









