যুদ্ধবিরতির মাঝেও হরমুজ প্রণালীতে আটকা পড়া জাহাজের সংখ্যা কত?
প্রকাশ:

বিস্তারিত
পারস্য উপসাগরীয় অঞ্চলে হরমুজ প্রণালির কাছাকাছি ভয়াবহ এক নৌ-অচলাবস্থা সৃষ্টি হয়েছে। নিরাপদ পারাপারের নির্দেশনার অপেক্ষায় সেখানে আটকা পড়ে আছে প্রায় ৩ হাজার ২০০টি জাহাজ, যার মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার জয়যাত্রাও রয়েছে।
শুক্রবার (ফক্স নিউজের বরাতে) জানা যায়, এই বিপুল সংখ্যক জাহাজের মধ্যে প্রায় ৮০০টি তেলবাহী ট্যাঙ্কার ও কার্গো জাহাজ রয়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে প্রায় ২০ হাজার নাবিক এখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত
গত ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়। ট্রাম্প দাবি করেন, দুই দেশের মধ্যে অধিকাংশ অমীমাংসিত বিষয় নিয়ে অগ্রগতি হয়েছে এবং ইরানের ১০ দফা প্রস্তাব আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউজ সূত্রে জানা গেছে, মূলত ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি উন্মুক্ত করার সম্মতির পরই এই অস্থায়ী সমঝোতা সম্ভব হয়েছে।
মধ্যস্থতায় পাকিস্তান
সংকট সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তার উদ্যোগে ১১ এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে, যা কয়েক দিন চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’
এই জাহাজ জটের মধ্যেই রয়েছে বিএসসির জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। শুক্রবার এটি প্রণালির কাছে পৌঁছালেও পার হওয়ার অনুমতি পায়নি।
ইরান সরকারের কাছে অনুমতি চাওয়া হলেও তা প্রত্যাখ্যান করা হয়। ফলে জাহাজটিকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, কূটনৈতিকভাবে অনুমতি পাওয়ার চেষ্টা চলছে। বর্তমানে জাহাজটি হরমুজের কাছাকাছি অবস্থান করছে এবং পরিস্থিতি বিবেচনায় আরব আমিরাতের শারজাহ বন্দরে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
জাহাজে থাকা ৩১ জন নাবিক নিরাপদে আছেন এবং তাদের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে বলে নিশ্চিত করেছে বিএসসি।








