সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা। রোববার (৪ জানুয়ারি) শোকবার্তা গ্রহণের তৃতীয় দিনে তিনি কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন এবং শোক বইতে স্বাক্ষরের মাধ্যমে প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। শোক বইতে দেওয়া মন্তব্যে বালা নন্দ শর্মা বেগম খালেদা জিয়াকে একজন প্রভাবশালী ও মহান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতির পাশাপাশি সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য তার মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বেগম খালেদা জিয়ার অবদান ছিল গুরুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নেপাল ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন বলেও মন্তব্য করেন তিনি। আঞ্চলিক সহযোগিতা ও সংহতির ক্ষেত্রে তার আজীবন ভূমিকা দক্ষিণ এশিয়ার ইতিহাসে স্থায়ী ছাপ রেখে গেছে।
এদিকে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসে এসে শোক বইতে স্বাক্ষরের মাধ্যমে প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্রদূত জানান, দক্ষিণ এশিয়ার সমৃদ্ধি ও সহযোগিতার যে স্বপ্ন বেগম খালেদা জিয়া দেখেছিলেন, তা প্রতিবেশী রাষ্ট্রগুলো গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন গুরুতর অসুস্থ থাকার পর ৩০ ডিসেম্বর ভোর ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন। পরদিন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাধিস্থ করা হয়








