বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় সংশ্লিষ্ট ব্যাংকগুলোর তহবিল তসরুফের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান গভর্নর।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে গভর্নরের কার্যালয়ে পাঁচ ব্যাংকের নিয়োগপ্রাপ্ত প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা বলেন মোস্তাকুর রহমান।
বৈঠকে গভর্নর জানান, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। পাশাপাশি ব্যাংকটির বর্তমান পরিচালনা পর্ষদ বহাল থাকবে। এছাড়া পাঁচ ব্যাংকের আওতাধীন যেসব কারখানার কার্যক্রম বন্ধ রয়েছে, সেগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এসব কারখানাকে উৎপাদনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে উল্লেখ করে গভর্নর জানান, কোনো প্রতিষ্ঠানের বিদেশি বকেয়া থাকলে তা পরিশোধের উদ্যোগও নেওয়া হবে। তার এই বার্তার মাধ্যমে পাঁচ ব্যাংক একীভূতকরণ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা দূর হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে গত রবিবার ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাতে গেলে গভর্নর একই ধরনের বার্তা দেন। তিনি জানান, ব্যাংক খাতে চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে এবং কোনো রাজনৈতিক চাপের কাছে তিনি নতিস্বীকার করবেন না।









