ফরিদপুর সদর উপজেলার দুটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে মোট ২৮ হাজার লিটার তেল উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে হোসেন ফিলিং স্টেশনে ‘তেল নেই’ লেখা প্লাকার্ড লাগিয়ে জ্বালানি সরবরাহ বন্ধ রাখার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসনের সূত্রে জানা গেছে, শনিবার (২৮ মার্চ) বিকেলে ফরিদপুর-খুলনা মহাসড়কের পার্শ্ববর্তী কানাইপুর বাজারে হোসেন ফিলিং স্টেশনে তেল সরবরাহ না করার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। ওই পাম্পে ৭০০০ লিটার পেট্রোল, ৬৫০০ লিটার অকটেন এবং ১৪৫০০ লিটার ডিজেল মজুত পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত হোসেন ফিলিং স্টেশনের ম্যানেজার সাবির চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। সঙ্গে সঙ্গে ভোক্তাদের জন্য পাম্প চালু করে বাস, ট্রাক, কৃষক, প্রাইভেট কার এবং মোটরসাইকেলে প্রয়োজনীয় তেল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এ সময় পাম্প কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে।
একই দিন জেলা সদরের কানাইপুর এলাকায় রয়েল ফিলিং স্টেশনেও অভিযান পরিচালিত হয়। সেখানে দেখা যায়, পাম্পে ৩৫০০ লিটার পেট্রোল, ৩৪০০ লিটার অকটেন ও ১৯০০০ লিটার ডিজেল রয়েছে, তবে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ ছিল। পাম্পের মালিক ও ম্যানেজার মেশিনের সমস্যার কারণে সরবরাহ বন্ধ থাকার কথা উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করেন এবং সঙ্গে সঙ্গে তেল সরবরাহ পুনরায় চালু করা হয়।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়ার নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, দীপ্ত চক্রবর্তী এবং সাকিব রহমান আকাশ এই অভিযান পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, সদর উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।









