চট্টগ্রাম নগরের টেরিবাজারের কে বি অর্কিড প্লাজা নামের একটি বহুতল বিপণিকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকানঘর পুড়ে গেছে।
এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে দুই ব্যক্তি মারা গেছেন। নিহত দুজন হচ্ছেন মোহাম্মদ ইউনুস (৫২) ও মো. সোলাইমান (২৮)। তাদের গ্রামের বাড়ি পটিয়া উপজেলায়।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এর আগে সকাল ১০টার দিকে ওই বিপণিকেন্দ্রের চতুর্থ তলার একটি দোকানে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় ইউনুস, সোলাইমান ও আরও একজন গুরুতর দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক নুরুল আলম আশিক গণমাধ্যমকে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, টেরিবাজার এলাকায় আগুনের ঘটনায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তখন জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।









