আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করা হবে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যবসাবান্ধব নীতি অনুসরণ করবে।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ডিসিসিআই আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে তিনি এ আশ্বাস দেন।
আলোচনায় ব্যবসায়ী-উদ্যোক্তারা বলেন, বর্তমান সংকোচনমুখী অর্থনৈতিক পরিস্থিতি থেকে বেরিয়ে কর্মসংস্থান বৃদ্ধিতে সরকারকে আরও গুরুত্ব দিতে হবে। তারা করহার কমানো, ভ্যাট ব্যবস্থা শতভাগ অটোমেশন এবং করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি জানান।
বাণিজ্যমন্ত্রী স্বীকার করেন, অনিয়ম ও দুর্নীতির কারণে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এখনও কিছু দুর্বলতা রয়ে গেছে। তবে তিনি আশ্বস্ত করেন, আসন্ন বাজেটে ব্যবসায়ীদের ওপর নতুন করে চাপ সৃষ্টি করা হবে না।
তিনি আরও বলেন, বর্তমান সরকার পূর্ববর্তী সময়ের কিছু অপ্রয়োজনীয় প্রকল্পের বোঝা বহন করছে, যেগুলোর উল্লেখযোগ্য অর্থনৈতিক রিটার্ন নেই।
জ্বালানি প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে যদি অন্তত দুই মাসের জন্য এলএনজি মজুত রাখা যেত, তাহলে উচ্চমূল্যে আমদানি করতে হতো না। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে সার ও জ্বালানি খাতে সরকারের ব্যয় বেড়েছে, যা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।
সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি ও বিনিয়োগ বাড়াতে কাজ করছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।









