ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্যবর্তী একটি গ্রামে শনিবার ১১ জন মানুষ আহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি দেশটির চিকিৎসকদের বরাতে এই তথ্য জানিয়েছে।
হামলার লক্ষ্যবস্তু ছিল মধ্য ইসরায়েলের এশতাওল গ্রাম, যা বেইত শেমেশের কাছে অবস্থিত। আগের হামলায় এই এলাকায় ৯ জন নিহত হয়েছিল, যার মধ্যে চারজন শিশু ছিলেন।
এএফপির ফুটেজে দেখা গেছে, শনিবারের হামলায় বেশ কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চারপাশে ধাতব ধ্বংসাবশেষ এবং কংক্রিটের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বিস্ফোরণের ফলে কয়েকটি গাড়িও ধ্বংস হয়েছে এবং হামলার স্থানে একটি বড় গর্ত তৈরি হয়েছে। উদ্ধারকর্মী ও নিরাপত্তা বাহিনী এখনও ঘটনাস্থলে কাজ করছেন।
সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ডের কমান্ডার ওহাদ মোয়াল এএফপির সাংবাদিককে জানান, এটি সরাসরি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত। অনেকগুলো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, এশতাওলের একটি পারিবারিক বাড়ি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে গেছে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে। এরপর থেকে ইরান এই অঞ্চলের বেশ কয়েকটি দেশকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছে।









