সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণ বিষয়ক মন্ত্রী শেখ রবিউল আলম নৌ দুর্ঘটনা এবং ফেরি পারাপারে সম্ভাব্য ঝুঁকি এড়াতে কঠোর নির্দেশনা দিয়েছেন। মন্ত্রীর নির্দেশ অনুযায়ী, এখন থেকে কোনো অবস্থাতেই যাত্রীসহ বাস ফেরিতে তোলা যাবে না ফেরিতে গাড়ি ওঠানোর আগে অবশ্যই শতভাগ যাত্রীকে বাস থেকে নামাতে হবে।
রবিবার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক দুর্ঘটনা রোধ ও সার্বিক সড়ক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত উচ্চপর্যায়ের সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রী শেখ রবিউল আলম বলছিলেন, আমরা মানুষের জীবনের নিরাপত্তা দিতে দায়বদ্ধ। অনেক সময় ফেরিতে যাত্রীসহ বাস দুর্ঘটনায় পড়লে বড় ধরনের প্রাণহানি ঘটে। এটি রোধ করতেই যাত্রীদের নামিয়ে খালি বাস ফেরিতে তোলার নিয়ম কঠোরভাবে পালন করা হবে।
তিনি আরও জানান, ফেরিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে এখন থেকে রেলিং লাগানো বাধ্যতামূলক করা হবে। গাড়ি ওঠানামার সময় বা ঢেউয়ের প্রভাবে ঘটে যাওয়া দুর্ঘটনার ঝুঁকি রেলিং স্থাপনের মাধ্যমে উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।
সচিবালয়ের এই সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই নতুন নির্দেশনার ফলে ফেরি ঘাটগুলোতে জননিরাপত্তা আরও জোরদার হবে।









