রাজধানীর জিয়া সরণি খালকে বুড়িগঙ্গা নদীর সঙ্গে যুক্ত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর জিয়া সরণি খাল, কোনাপাড়া খাল ও কুতুবখালী খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, খালটি উন্নয়ন ও পুনঃসংযোগ প্রকল্পের অংশ হিসেবে এই অর্থ বরাদ্দ করা হয়েছে এবং সিটি করপোরেশনের অর্থায়নে ইতোমধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন কাজ চলমান রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, রাজধানীর সব খাল দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মীর শাহে আলম বলেন, ‘গণমানুষের ভোটে নির্বাচিত হয় বিএনপি সরকার। যেহেতু বিনাভোটে নির্বাচিত হইনি সেক্ষেত্রে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে কাজ করা হবে।’
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি শুরু করেছে বিএনপি সরকার। গত ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জানা গেছে, কৃষি সেচ, পরিবেশের ভারসাম্য রক্ষাসহ সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় চলবে এই কর্মসূচি।









